দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেম রক্ষায় কাজ করবে ‘টেক সি’
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) এবং স্টার্টাপের মতো ব্যবসায়কি উদ্যোগের ভিত্তি সুদৃঢ়করণের উদ্দেশ্যে নিয়ে ‘এফবিসিসিআই টেক সি’ নামের একটি প্রযুক্তি কেন্দ্র চালু করেছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। টেক সির মূল লক্ষ্য হলো স্টার্টাপের পরিচর্যা এবং ‘ইমপ্যাক্ট টেক প্রেন্যুয়ার’ তৈরি, যারা ডিজিটাল ইকোসিস্টেসম তৈরি, সাধারণ মানুষের সামাজিক সমস্যার সমাধান, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
রবিবার (৬ ডিসেম্বর) মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে এর উদ্বোধন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে এটি চালু করা হয়, যা এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ (২০২০) এর অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
ডা. দীপু মনি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত। শিক্ষা মন্ত্রনালয়ও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে। টেক সি'র উদ্যোগ বাংলাদেশের সকল সেষ্টরে কাজে আসবে এমনটাই মনে করেন তিনি।
বর্তমান ও ভবিষ্যতের চাহিদা মেটাতে উদ্ভাবন ও গবেষণায় বাংলাদেশ কাজ করছে অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
অনলাইনে আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব টরেন্টো-এর ইনোভেড রিসার্চ, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইনোভেশন অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন (ওআইএসই)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, কন্টিনিউইং অ্যান্ড প্রফেশনাল লার্নিং ক্রিয়েটর এলিজাবেথ রিজ জনস্টোন, ইউনিভার্সিটি অব টরেন্টো-এর ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ইনোভেশন, কন্টিনিউইং এন্ড প্রফেশনাল লার্নিং-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মাইকেল ক্যাসিডি; অ্যাক্সিলের্যাটিং এশিয়া-এর কো-ফাউন্ডার আমরা নাইডু এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলোজি (এমআইটি)-এর সিনিয়র অফিসার শ্যারন বর্ট।
এছাড়া এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই উপদেষ্টা সোনিয়া বশির কবির এবং অধ্যাপক ডঃ সৈয়দ ফারহাত আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।